ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: বলিউডে অভিনয়ের পাশাপাশি নাচেও বরাবরই নজর কেড়েছেন শ্রদ্ধা কাপুর। তবে আসন্ন ছবি ‘ঈঠা’-র জন্য নিজেকে প্রস্তুত করতে যে কঠোর পরিশ্রম করেছেন অভিনেত্রী, তা শুনলে অবাক হবেন অনেকেই। প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা অনুশীলন, পায়ে ৮ কেজি ঘুঙুর—টানা ২৫ দিন ধরে এমন কঠিন প্রশিক্ষণ নিয়েছেন শ্রদ্ধা।
ছবিতে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবণী নৃত্যশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। সেই চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শুধু নাচের তালিম নয়, শিল্পের গভীরতা ও পরিবেশকেও বোঝার চেষ্টা করেছেন তিনি। ছবির পরিচালক লক্ষ্মণ উটেকর সম্প্রতি পুনেতে ছবির গান ‘জি জি রে জি’-র প্রকাশ অনুষ্ঠানে শ্রদ্ধার প্রস্তুতির কথা জানান।
পরিচালকের কথায়, প্রতিটি গানের জন্য ২৫ দিন ধরে রিহার্সাল করেছেন শ্রদ্ধা। দুই পায়ে ৪ কেজি করে, মোট ৮ কেজি ঘুঙুর পরে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা অনুশীলন চলত। দীর্ঘ অনুশীলনের জেরে অভিনেত্রীর পা ফুলে যেত। তবুও নাচের প্রতি তাঁর নিষ্ঠা ও চরিত্রের জন্য নিজেকে তৈরি করার আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
শুটিং চলাকালীনও বাধা আসে। গানের শুটিংয়ের দ্বিতীয় দিনেই পেশিতে চোট পান শ্রদ্ধা। ফলে কিছু সময়ের জন্য শুটিং বন্ধ রাখতে হয়। লক্ষ্মণ উটেকর জানান, চোটের কারণে শুটিং চালিয়ে যেতে না পারায় শ্রদ্ধা কেঁদে ফেলেছিলেন। প্রায় এক মাসের মধ্যে সুস্থ হয়ে ফের কাজে ফিরতে আগ্রহী হয়ে ওঠেন অভিনেত্রী।
‘ঈঠা’ মূলত ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত একটি বায়োপিক মিউজিক্যাল ড্রামা। তামাশা ও লাবণীর জগৎ, এক নারী শিল্পীর সংগ্রাম এবং সামাজিক বাধা পেরিয়ে নিজের পরিচিতি তৈরি করার কাহিনি উঠে আসবে ছবিতে। ছবিতে শ্রদ্ধার পাশাপাশি রয়েছেন রণদীপ হুডা, মহম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদবসহ একাধিক অভিনেতা।
আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ঈঠা’-র। ছবির জন্য শ্রদ্ধার এই কঠোর প্রস্তুতি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।









