ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ বীরভূমের নানুর ফের উত্তপ্ত। পুরনো বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, প্রাণ হারালেন একজন। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নানুরের কীর্ণাহার থানার লডাঙা গ্রামে। মৃত ব্যক্তির নাম শেখ মকসুদ, বয়স ৪৯ বছর। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে স্থানীয় মসজিদে মৌলবি নিয়োগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত। এই বিবাদ দীর্ঘ দিন ধরে চলে আসছিল এবং শনিবার রাতে তা চরম আকার ধারণ করে।
অভিযোগ, শনিবার রাতে শেখ মকসুদ প্রতিবেশীর বাড়ি থেকে নিজের ঘরে ফিরছিলেন। সেই সময় অপর গোষ্ঠীর সদস্যরা তাঁর উপর বাঁশ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। মারধরের পর তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মকসুদের চিৎকারে তাঁর পরিবার ও আত্মীয়রা ছুটে এলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের প্রায় ১০ জন আহত হন। খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এলাকায় উত্তেজনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।








