ব্যুরো নিউজ, ১৪ আগস্ট ২০২৬: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করা হয়েছে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের। তবে হাজার চাপানউতোর চললেও নিজের অবস্থানে অনড় তিনি। অনন্ত মহারাজ জানিয়েছেন, তাঁর মন্তব্যে কোনও আপসোস নেই এবং তিনি কোনও ভুল করেননি। তাঁর দাবি, তিনি কেবল ইতিহাসের পাতায় থাকা তথ্য তুলে ধরেছেন, কাউকে অপমান করেননি বা মনগড়া কথা বলেননি।
অনন্ত মহারাজ বলেন, “যে সময়ের কথা বলেছি, তখন আমার জন্ম হয়নি। আমি নেতাজিকে অপমান করিনি। কাউকে গালাগালও করিনি। নিজের মুখ থেকে কোনও মিথ্যা কথা বা মনগড়া রূপকথা বানিয়ে বলিনি। কারও নামে বদনামও করিনি। যেটা ইতিহাসের পাতায় রয়েছে, সেটাই সাধারণ মানুষকে বলেছি। শুধুমাত্র ঐতিহাসিক কিছু তথ্য সামনে তুলে ধরেছি।”
এদিকে, তাঁর এই মন্তব্যের জেরে জনরোষ ক্রমশ বাড়ছে। যেকোনও মুহূর্তে পুলিশ তাঁর বিরুদ্ধে আইনি ব্য়বস্থা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কোচবিহারের কোতয়ালি থানার পুলিশ নেতাজি অসম্মানের অভিযোগে অনন্ত মহারাজের ২ অনুগামীকে গ্রেপ্তার করেছে। অনন্ত মহারাজ আরও বলেন, যদি তিনি অন্যায় করে থাকেন, তবে আইনি শাস্তি পেতে প্রস্তুত। তাঁর এই অনড় মনোভাব রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।







