ডিম হামলার ভয়ে বাতিল তৃণমূলের কাউন্সিলর বৈঠক, মমতার সিদ্ধান্ত

ডিম হামলার আশঙ্কায় বাতিল হল তৃণমূলের কাউন্সিলর বৈঠক। কলকাতা পুরসভার মেয়র নির্বাচন নিয়ে জটিলতা ও জনরোষের মুখে মমতার এই সিদ্ধান্ত।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ জনরোষ ও ডিম হামলার আশঙ্কায় রবিবার তৃণমূল ভবনে কাউন্সিলরদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল এই বৈঠকে। কিন্তু শেষ মুহূর্তে তৃণমূল নেতৃত্বের কাছে খবর আসে যে, বিজেপি বিক্ষোভ দেখাতে পারে এবং সাধারণ মানুষ ডিম ছুঁড়ে প্রতিবাদ জানাতে পারে। এই পরিস্থিতিতে অনেক কাউন্সিলরই বৈঠকে যোগ দিতে অনীহা প্রকাশ করেন।

তৃণমূল সূত্রে খবর, ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে ইস্তফার পর থেকেই কলকাতা পুরসভায় এক অচলাবস্থা তৈরি হয়েছে। রাজ্য সরকার পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে চিঠি দিয়েছে এবং তিন দিনের মধ্যে তার উত্তর চেয়েছে। এই আবহেই নতুন মেয়র বসানোর তোড়জোড় শুরু করে তৃণমূল। শোভন চট্টোপাধ্যায়কে মেয়র পদে বসানোর জল্পনার মধ্যেই রবিবার বিকেলে বাইপাসের ধারে তৃণমূল ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল।

দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাননি যে, তৃণমূল ভবনে বা কাউন্সিলরদের ওপর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক। এমন দৃশ্য দলের জন্য ‘সুদৃশ্য’ হবে না বলেই মনে করা হচ্ছে। তাই সবদিক বিচার করে আজকের বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন মেয়র নির্বাচনের জন্য প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করতে দল গোপনে অন্য কোনও জায়গায় কাউন্সিলরদের ডেকে নেবে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের অন্দরেও চাপা উত্তেজনা বিরাজ করছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে।