ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ শাসকদল তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয় নিয়ে এবার চরম আইনি জটিলতার মুখে পড়তে চলেছে। বাইপাসের ধারে মেট্রোপলিটনে অবস্থিত এই অস্থায়ী তৃণমূল ভবনটির মালিক মন্টু সাহা (মনোতোষ সাহা) তাঁর সম্পত্তি ফেরত পেতে মরিয়া। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও দল বাড়ি খালি না করায় তিনি সোমবার থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তপসিয়ার পুরনো তৃণমূল ভবন সংস্কারের কাজ শুরু হলে, সাময়িকভাবে এই মেট্রোপলিটনের বহুতলটিতে দলের কার্যালয় স্থানান্তরিত করা হয়। বাড়িটির মালিক মন্টু সাহা, যিনি একসময় তৃণমূলের প্রতিটি বড় ইভেন্টের নেপথ্যের কারিগর ছিলেন এবং ‘মডার্ন ডেকরেটিং’-এর কর্ণধার হিসেবে পরিচিত। তাঁর দাবি, ২০২৫ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও দল এখনও বাড়িটি খালি করেনি। রবিবার সকালে ছেলে অমিত সাহাকে নিয়ে মন্টুবাবু ওই অফিসে গিয়েছিলেন।
অমিত সাহা সংবাদমাধ্যমকে জানান, বাড়ির রক্ষণাবেক্ষণ হচ্ছে না এবং তাঁদের নিজেদের ব্যবসার প্রয়োজনে জায়গাটি ফেরত দরকার। বারবার অনুরোধ সত্ত্বেও কোনও সুরাহা না হওয়ায় তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ক্ষমতার পালাবদলের এক জলজ্যান্ত প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। একসময় বিনাশর্তে দলকে বাড়ি ব্যবহার করতে দেওয়া মন্টু সাহার এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।
যদিও বিরোধীরা অভিযোগ করছেন, সরকারি কাজের বরাত পাওয়ার বিনিময়েই মন্টুবাবু এই সুবিধা দিয়েছিলেন। মন্টুবাবু অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, দল তাঁকে ঠিকমতো টাকা দিত না এবং অনেক কাজ বিনামূল্যে করিয়ে নিত। এখন দেখার, সোমবার থানায় অভিযোগ দায়েরের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।







