ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ হাবরা থেকে হাওড়া রুটে নিত্যযাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (WBTC) উদ্যোগে চালু হল নতুন সরকারি বাস পরিষেবা। এর ফলে হাবরা, অশোকনগর, দত্তপুকুর, মধ্যমগ্রাম এবং বারাসাত সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে। বৃহস্পতিবার থেকে এই নতুন বাস পরিষেবা শুরু হয়েছে, যার রুট নম্বর D12A।
পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৬টা ২০ মিনিটে হাবরা থেকে হাওড়ার উদ্দেশে বাসটি রওনা দেবে। ফেরার পথে, বিকেল ৪টেয় হাওড়া থেকে নিউটাউন এবং সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউটাউন থেকে হাবরার উদ্দেশে বাস ছাড়বে। এই রুটে বাসটি হাবরা থেকে অশোকনগর কচুয়া মোড়, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটি, বিমানবন্দর, হলদিরাম, চিনার পার্ক, ইকোপার্ক, নিউটাউন, নারকেলবাগান, কলেজ মোড়, স্বাস্থ্যভবন, নিকো পার্ক, চিংড়িঘাটা, বেলেঘাটা, শিয়ালদহ, ধর্মতলা, ডালহৌসি হয়ে হাওড়া পৌঁছবে।
এই দীর্ঘ রুটে সরাসরি সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। এই নতুন পরিষেবা চালু হওয়ায় বিশেষত মহিলারা উপকৃত হবেন। কারণ রাজ্য সরকারের উদ্যোগে সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে। ফলে তাঁরা বিনা খরচে হাওড়া ও কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছতে পারবেন। এছাড়া, দূরপাল্লার ট্রেন ধরতে হাওড়া স্টেশনগামী যাত্রীরাও লাগেজ সহ স্বল্প ভাড়ায় গন্তব্যে পৌঁছনোর সুবিধা পাবেন। এই পদক্ষেপ নিত্যযাত্রীদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করবে এবং যাতায়াতের ঝক্কি কমাবে বলে আশা করা হচ্ছে।







