ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ ফরাসি তরুণ ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গার বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার হতাশা এবার নতুন পথে চালিত করল তাঁকে। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল একদিকে যেমন ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ খেলা, তেমনই অন্যদিকে আমেরিকায় থাকার। যদিও জাতীয় দলের জার্সিতে বিশ্ব মঞ্চে খেলার স্বপ্ন আপাতত অপূর্ণ থেকে গেছে, কারণ কোচ দিদিয়ের দেশম তাঁকে দলে রাখেননি। তবে কামাভিঙ্গা তাঁর অন্য স্বপ্নটি পূরণ করতে আমেরিকায় পৌঁছে গিয়েছেন।
বিশ্বকাপের জন্য নয়, বরং নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে তিনি ভর্তি হয়েছেন বিশ্বসেরা হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ কোর্সে। বোস্টনে অবস্থিত এই প্রতিষ্ঠানে তিনি ‘স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ বিষয়ক একটি কোর্সে অংশ নিয়েছেন। বিশ্বকাপে সুযোগ না পেয়ে হতাশ না হয়ে, মাঠের বাইরে নিজেকে আরও উন্নত করার এই উদ্যোগ ফুটবল বিশ্বে প্রশংসিত হয়েছে।
কামাভিঙ্গা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্ভার্ডে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, ‘কয়েকটা দিন কাটল শেখা, শোনা আর নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে। হার্ভার্ড বিজনেস স্কুলের এই অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ।’ রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে তাঁর পারফরম্যান্স কিছুটা প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কোচ তাঁকে বিবেচনা করেননি। তবে কামাভিঙ্গার এই পদক্ষেপ প্রমাণ করে যে একজন ক্রীড়াবিদের জীবন শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষাক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব।







