ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ দক্ষিণবঙ্গে তীব্র গরমের হাঁসফাঁস পরিস্থিতি থেকে অবশেষে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে বাড়তে থাকা তাপমাত্রায় অস্বস্তি চরমে উঠেছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির কারণে কিছু জেলায় তাপমাত্রা সামান্য কমলেও সপ্তাহজুড়ে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, গরম ও ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তি পুরোপুরি কাটছে না। কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে, সোমবার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। দিনের মধ্যে কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও গরমের প্রভাব পুরোপুরি কমবে না। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকার সম্ভাবনা। সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, সোমবার থেকে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন এলেও গরম পুরোপুরি কমার সম্ভাবনা আপাতত নেই।







