ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা (Free Bus Service) চালু হওয়ার পর থেকেই বিভিন্ন রুটে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছিল, বিশেষত অফিস টাইমে। এই নতুন পরিষেবা একদিকে যেমন মহিলাদের যাতায়াতের খরচ কমিয়েছে, তেমনই অন্যদিকে যাত্রী দুর্ভোগও বাড়িয়েছে। অনেক মহিলা যাত্রী অভিযোগ করছিলেন যে তাঁরা ঠিকমতো বাসে উঠতে পারছেন না বা বাস সীমিত থাকায় পরিষেবা পাচ্ছেন না। এমনকি, কন্ডাক্টর ও চালকদের একাংশের বিরুদ্ধে বাস স্টপে মহিলা যাত্রীদের অপেক্ষা করতে দেখেও বাস না থামানোর অভিযোগও উঠেছিল।
এই সকল অভিযোগ এবং যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে অবশেষে বড় পদক্ষেপ নিল পরিবহণ দপ্তর (Transport Department)। যাত্রী পরিষেবা উন্নত করতে এবং ভিড় সামলাতে সম্প্রতি পরিবহণ দপ্তরের তরফে একটি সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষায় দেখা যায় কলকাতার বেশ কয়েকটি রুটে সরকারি বাসের তুলনায় যাত্রী সংখ্যা অনেক বেশি। সেই সমীক্ষার ভিত্তিতেই এবার শহরের ১৪টি গুরুত্বপূর্ণ রুটে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, উল্টোডাঙা-ইকো স্পেস, উল্টোডাঙা-সেক্টর ফাইভ, উল্টোডাঙা-রুবি, ইকো পার্ক-হাওড়া স্টেশন, যাদবপুর-করুণাময়ী, রথতলা-হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন-গড়িয়া, হাওড়া স্টেশন-বিমানবন্দর এবং রুবি-হাওড়া সহ একাধিক রুটে এই অতিরিক্ত বাস চলাচল করবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে নিত্যযাত্রী মহিলাদের যাতায়াতের সুবিধা হবে এবং তাঁদের মাসিক খরচ অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগমের অধীনে প্রায় ১,৭৮৩টি সরকারি বাস চলাচল করছে। পাশাপাশি, আগামী ছয় মাসের মধ্যে আরও ৫০টি বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনাও রয়েছে। এই পদক্ষেপগুলি মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পকে আরও কার্যকর করে তুলবে এবং সামগ্রিক যাত্রী পরিষেবা উন্নত করবে।







