ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬: পুণের একটি চাঞ্চল্যকর ঘটনায় টিসিএস (TCS)-এর এক কর্মীর আত্মহত্যার ঘটনায় কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ৪৮ বছর বয়সী অমিত অভয় ব্রহ্মে নামের ওই কর্মী সম্প্রতি নিজের বাড়িতেই আত্মঘাতী হন। তাঁর ঘর থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে কর্মক্ষেত্রে সিনিয়রদের দ্বারা লাগাতার মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি।
এই ঘটনা তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে মানসিক স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুন অমিত ব্রহ্মে আত্মহত্যা করেন। তদন্তকারীরা তাঁর ঘর থেকে দু’পাতার একটি চিঠি উদ্ধার করেছেন, যেখানে তিনি তিন সহকর্মীর নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে মানসিক চাপ ও হয়রানির অভিযোগ এনেছেন। চিঠিতে বলা হয়েছে, তাঁর গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলি ইচ্ছাকৃতভাবে সরিয়ে নেওয়া হয়েছিল এবং অসম্ভব সময়সীমার মধ্যে শেষ করার মতো কাজ চাপানো হতো। এছাড়া, তাঁকে সহকর্মীদের সামনে বারবার অপমান করা হতো এবং চাকরি ছাড়ার জন্য চাপ সৃষ্টি করা হতো বলেও অভিযোগ। এমনকি, এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগও উঠেছে। এই ঘটনায় পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্তকারীরা কর্মক্ষেত্রের পরিবেশ, প্রযুক্তিগত তথ্য এবং সংস্থার অভ্যন্তরীণ বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন।
এদিকে, তথ্যপ্রযুক্তি কর্মীদের একটি সংগঠন এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, কর্মীদের মানসিক চাপ চিহ্নিত করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং এমন ঘটনা প্রতিরোধে সংস্থাগুলির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি। সংগঠনটি আরও মনে করিয়ে দিয়েছে যে, চলতি বছরের শুরুতেও একই প্রতিষ্ঠানে এক তরুণ কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। পরপর দুটি ঘটনা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন তুলে দিয়েছে এবং আইটি সেক্টরে কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।








