বিদেশি বিনিয়োগে গোপন মালিকানার সুযোগ? SEBI-র প্রস্তাবে কংগ্রেসের আপত্তি

SEBI-এর FPI ডিসক্লোজার নিয়ম শিথিল করার প্রস্তাব নিয়ে কেন্দ্রকে আক্রমণ করল কংগ্রেস। তাদের অভিযোগ, এতে অস্বচ্ছতা বাড়বে ও কালো টাকা সাদা করার সুযোগ তৈরি হবে।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিয়ম শিথিল করতে চলেছে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI! আর এই প্রস্তাব ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিদেশি বিনিয়োগের আড়ালে প্রকৃত মালিকানা গোপন রাখার সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস।

SEBI সম্প্রতি Foreign Portfolio Investors (FPI)-দের জন্য অতিরিক্ত তথ্য প্রকাশের বাধ্যবাধকতা বা Additional Disclosure Framework (ADF) পর্যালোচনার প্রস্তাব দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য, বর্তমান নিয়ম বিদেশি বিনিয়োগকারীদের জন্য তুলনামূলকভাবে কঠোর। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ম সহজ করলে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে।

কিন্তু কংগ্রেস এই প্রস্তাবের বিরোধিতা করেছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, নিয়ম শিথিল হলে জটিল অফশোর মালিকানার কাঠামোর আড়ালে প্রকৃত বিনিয়োগকারীদের পরিচয় গোপন রাখা সহজ হতে পারে। তাঁর মতে, বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষার সঙ্গে কোনও আপস করা উচিত নয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অগস্টে SEBI এমন নিয়ম চালু করেছিল, যেখানে কোনও এক কর্পোরেট গোষ্ঠীতে ভারতীয় ইক্যুইটি বিনিয়োগের ৫০ শতাংশের বেশি থাকা নির্দিষ্ট FPI-দের প্রকৃত মালিকানা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে হত।

এখন সেই নিয়ম বদলের প্রস্তাব নিয়ে জনমত চেয়েছে SEBI। ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রস্তাবের বিষয়ে মতামত জমা দেওয়া যাবে।