ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত তৃণমূলের শিক্ষক নেতা নির্মল যাদব উলুবেড়িয়ায় গ্রেপ্তার, উঠল ‘চোর’ স্লোগান

ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত উলুবেড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর ও শিক্ষক নেতা নির্মল যাদব গ্রেপ্তার। আদালতে তোলার সময় উঠল 'চোর' স্লোগান। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নির্মলের।

Share:

ব্যুরো নিউজ , ১৩ জুন ২০২৬ : উলুবেড়িয়া, ১৫ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন উলুবেড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা শিক্ষক নেতা নির্মল যাদব। শনিবার সকালে বাউরিয়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজই তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের নির্বাচনের পর বিরোধী দলের লোকেদের হুমকি দেওয়া, মিথ্যা মামলায় ফাঁসানো-সহ একাধিক হিংসাত্মক ঘটনার সঙ্গে নির্মল যাদব জড়িত ছিলেন বলে অভিযোগ। এই সংক্রান্ত লিখিত অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। নির্মল যাদব পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং হাওড়া জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি। এদিন নির্মল যাদবকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। নির্মলের গ্রেপ্তারির বিষয়ে উলুবেড়িয়ার বিজেপি নেতা রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্ষমতার অপব্যবহারে তৃণমূল সিদ্ধহস্ত। এরা ক্ষমতায় থাকাকালীন বহু মানুষের উপর অত্যাচার করেছে। মোদিজি বলেছিলেন হিসাব হবে, সেই হিসাব শুরু হয়েছে।”

তিনি আরও যোগ করেন, শুধু নির্মল নয়, এই অন্যায়ের সঙ্গে জড়িত সকলের হিসাব হবে। যদিও গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা নির্মল যাদব নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।