ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬: অবশেষে অপেক্ষার অবসান! ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় আসতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন। ২০২৭ সালেই যাত্রা শুরু করতে পারে দেশের প্রথম বুলেট ট্রেন। আর এই পরিষেবার প্রথম পর্বে বেছে নেওয়া হয়েছে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত রুটকে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেছেন।
মুম্বই-আমদাবাদ হাইস্পিড রেল করিডরের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত ৪৫৬ কিলোমিটার পিয়ার নির্মাণ এবং ৩৭১ কিলোমিটার ভায়াডাক্টের কাজ সম্পূর্ণ হয়েছে। ২৯৯ কিলোমিটার এলাকায় বসানো হয়েছে প্রায় ৬ লক্ষ শব্দনিরোধক দেওয়াল। পাশাপাশি আটটি স্টেশনের মূল নির্মাণকাজ শেষ হয়েছে।
এই প্রকল্পের অন্যতম আকর্ষণ মহারাষ্ট্রের ২১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, যার মধ্যে ৭ কিলোমিটার রয়েছে সমুদ্রের নীচে থানে ক্রিকের তলায়।
দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে B28 বুলেট ট্রেন। ট্রেনটির নকশাগত সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮০ কিলোমিটার। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ট্র্যাক ট্রায়াল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে সুরাট-ভাপি রুটে পরিষেবা চালুর পর ধাপে ধাপে মুম্বই পর্যন্ত সম্পূর্ণ করিডর চালুর পরিকল্পনা রয়েছে।









