ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে লাইমলাইট কেড়ে নিলেন আমেরিকান সঙ্গীতশিল্পী কেটি পেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্যালিফোর্নিয়ার ইংগলউডের সোফাই স্টেডিয়ামে কেটি পেরির মনোমুগ্ধকর পারফরম্যান্সের পরই প্রকাশ্যে আসে এক আবেগঘন মুহূর্ত। জনপ্রিয় গান ‘ওয়ান্ডার’ পরিবেশন করে মঞ্চ মাতিয়ে দেন কেটি। তাঁর সিলভার গাউনে মোহময়ী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষ হতেই কেটি পেরি ছুটে গিয়ে প্রেমিক জাস্টিন ট্রুডোকে জাপটে ধরেন এবং প্রকাশ্যে চুম্বন করেন। এই দৃশ্য নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
নেটপাড়ায় এটি কেটি-জাস্টিনের প্রথম প্রকাশ্যে চুম্বন হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বকাপের ময়দানে তাঁদের হাতে হাত রেখে গ্রুপ ডির ম্যাচ উপভোগ করার একাধিক ছবিও ভাইরাল হয়েছে। কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর প্রেমকাহিনী দীর্ঘদিনের।
২০২৫ সালের জুলাই মাস থেকে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। মন্ট্রিয়লে একসঙ্গে ঘোরাফেরা এবং পরে একটি রেস্তোরাঁয় তাঁদের দেখা যায়। এরপর একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের যুগলবন্দী উপস্থিতি তাঁদের প্রেমচর্চাকে আরও উসকে দিয়েছে। পিপল ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে কেটি পেরি জাস্টিন ট্রুডোর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে পেরির মিউজিক ভিডিওর প্রিমিয়ারে প্রথমবার জনসমক্ষে রেড কার্পেটে হেঁটেছিলেন এই প্রেমিক যুগল। ফিফা বিশ্বকাপের মঞ্চে তাঁদের এই রোমান্টিক মুহূর্ত ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।








