বাংলার বাড়ি প্রকল্পে কড়াকড়ি নবান্নের: অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরতের নির্দেশ

বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে কড়া নবান্ন। অযোগ্য উপভোক্তাদের থেকে ১.২ লক্ষ টাকা ফেরতের নির্দেশ। জেলায় জেলায় শুরু হয়েছে তালিকা যাচাই ও অর্থ উদ্ধারের কাজ।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার নবান্নের কড়া নজরে ‘বাংলার বাড়ি’ প্রকল্প। অভিযোগ উঠেছে, বহু অযোগ্য উপভোক্তা বেআইনিভাবে এই প্রকল্পের সরকারি সুবিধা নিয়েছেন। সূত্রের খবর, প্রায় দশ হাজার এমন উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে, যাঁদের কাছ থেকে প্রকল্পের অর্থ ফেরত নেওয়ার নির্দেশ জারি হয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে কড়া নির্দেশ দিয়েছেন। চিঠিতে উল্লেখ, নিয়ম ভেঙে একাধিক বাড়ি বা পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় ১ লক্ষ ২০ হাজার টাকা (দু’টি কিস্তিতে) নিয়েছেন। এর ফলে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে, প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সুবিধাভোগীদের তালিকা নতুন করে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই প্রক্রিয়ার পর যাঁরা অযোগ্য প্রমাণিত হবেন, তাঁদের কাছ থেকে অবিলম্বে প্রকল্পের অর্থ ফেরত নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। উদ্ধার করা অর্থ নির্দিষ্ট ট্রেজারি হেড অফ অ্যাকাউন্টে টি.আর. ফর্ম-৭-এর মাধ্যমে জমা করতে হবে।

জেলাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, টাকা ফেরানোর পর সংশ্লিষ্ট ব্লককে রিকভারি মডিউলে আদায়ের পরিমাণ নথিভুক্ত করতে হবে এবং টি.আর. ফর্ম-৭-এর কপি আপলোড করতে হবে। যাচাই ও অর্থ উদ্ধারের কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত রিপোর্ট ও একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যেখানে যাচাই প্রক্রিয়া যথাযথ ও সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ থাকবে।