বঙ্গে বর্ষার প্রবেশ, দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি অধরা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা

পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে গরমের দাপট অব্যাহত। আজ বীরভূম, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি।

Share:

ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ অবশেষে সমগ্র পশ্চিমবঙ্গে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার, ১৫ জুন, দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই বর্ষা প্রবেশ করেছে। তবে বর্ষা এলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া এখনও শুষ্ক এবং অস্বস্তিকর গরমের দাপট অব্যাহত। কলকাতা সহ অধিকাংশ জেলায় বৃষ্টির দেখা নেই, যা এপ্রিল-মে মাসের তাপপ্রবাহের কথা মনে করাচ্ছে। এই পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত, বাড়ি থেকে বেরনো দায় হয়ে পড়েছে সকলের পক্ষে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার, ১৬ জুন, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও এই বৃষ্টি গরম থেকে সম্পূর্ণ স্বস্তি দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দার্জিলিং, কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।