ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশনে চলল বুলডোজার অভিযান। রেল কর্তৃপক্ষের কড়া নির্দেশ মেনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, রেলের জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান, এমনকি একটি সিপিএম পার্টি অফিসও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। চলতি মাসের শুরুতেই রেলের তরফে ১৫ জুনের মধ্যে স্টেশন সংলগ্ন জমি খালি করার নোটিস দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট হকার ও দখলদারদের। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে দোকান না সরালে শেষমেশ সোমবার মাঝরাতে কড়া পদক্ষেপ নেয় রেল প্রশাসন।
সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ হাবড়া স্টেশন চত্বর বিশাল কেন্দ্রীয় বাহিনী, বনগাঁ-বারাসত জিআরপি এবং রাজ্য পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়। মাইকিং করে রেলের জমি খালি করার ঘোষণা করা হয়। এই আকস্মিক অভিযানে ঘটনাস্থলে ভিড় জমান বহু হকার ও স্থানীয় মানুষ। রেল সূত্রে খবর, নোটিস দেওয়ার পরও দখলদাররা দোকান না সরালে বেশ কয়েকদিন সময় দিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রেলের জমিতে থাকা বেশ কিছু পাকা ঘরও ভেঙে ফেলা হয়।
সিপিএমের পার্টি অফিস ভাঙার পর বামকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা তৎপর ছিলেন। এই অভিযানে স্টেশন চত্বর থেকে সমস্ত অবৈধ নির্মাণ সরিয়ে ফেলা হয়েছে, যা রেলযাত্রীদের যাতায়াতের পথ সুগম করবে বলে মনে করা হচ্ছে।







