ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার পাহাড় সফরে গিয়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠক ও জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, জিটিএ-র যাবতীয় দুর্নীতির ফাইল খোলা হবে এবং এর তদন্তও হবে। একইসঙ্গে তিনি পাহাড়ে শিক্ষক ও পুলিশ পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের প্রতিশ্রুতি দেন, যা শুনে পাহাড়জুড়ে খুশির হাওয়া।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, “আগের মুখ্যমন্ত্রী শুধুমাত্র পর্যটক হিসাবে পাহাড়ে ঘুরে যেতেন। কিন্তু আমি এখানে পর্যটক হিসাবে আসিনি। কাজ করতে এসেছি।” তিনি পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, আগে এই রাজ্যে ‘নেগেটিভ সরকার’ ছিল, যেখানে ঠিকমতো নিয়োগ হয়নি। উল্টে জিটিএ-র মাধ্যমে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। তবে বিজেপি সরকারের আমলে যে এই ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না, তা তিনি এদিন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন।
পাহাড়ে ‘জনকল্যাণ শিবিরে’ যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, খুব শীঘ্রই পাহাড়ে শিক্ষক ও পুলিশ পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। তাঁর এই ঘোষণায় দীর্ঘদিনের নিয়োগ বঞ্চনার শিকার পাহাড়ের যুবকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। জিটিএ-র ফাইল খোলার ঘোষণা দুর্নীতির বিরুদ্ধে সরকারের কড়া অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।







