ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে চর্চা তুঙ্গে। পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, জুনের শুরুতেই এই প্রকল্পের ফর্ম পূরণ শুরু হয়েছে এবং ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এই আবহে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াং থেকে মুখ্যমন্ত্রী পাহাড়ের সমস্ত মহিলাদের দ্রুত এই প্রকল্পে নাম নথিভুক্ত করার আবেদন জানান।
তিনি বলেন, ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই দ্রুত সকলের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্পে সকলে নিজেদের নাম লিখিয়ে ফেলুন। পাহাড়ের প্রতিটি বাড়িতে গিয়ে মা, বোন ও দিদিদের ফর্ম পূরণ করা হবে তাঁদের প্রিয় ভাষাতেই। এরপর সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের (DBT) মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসবে।
তিনি এর আগে জানিয়েছিলেন, ১ কোটি ৩ লক্ষ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। যা বাকি আছে, তা বিধায়করা গ্রাম ও ওয়ার্ডে গিয়ে নিশ্চিত করবেন, যাতে প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পান। দুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক উপভোক্তা প্রকল্পের দ্রুত কার্যকারিতা প্রমাণ করে। অন্নপূর্ণা যোজনা রাজ্যের মহিলাদের জন্য এক নতুন দিশা দেখাচ্ছে এবং তাঁদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।







