ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ ফলতার মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসন্ন বাজেট নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আগামী ২২ জুন বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যে বাজেট পেশ করবেন, তাকে তিনি কেবল একটি আর্থিক খতিয়ান নয়, বরং বাংলাকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার এক যুগান্তকারী ব্লু-প্রিন্ট হিসেবে আখ্যা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বিগত দেড় দশক ধরে চলা নিয়োগ দুর্নীতি ও থ্রেট কালচারের অবসান ঘটিয়ে নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তিনি ফলতার জনকল্যাণ শিবির থেকে মাফিয়া রাজের বিরুদ্ধে কড়া প্রশাসনিক বার্তা দেন। রাজনৈতিক মহলের ধারণা, এই বাজেটে একাধিক যুগান্তকারী ঘোষণা থাকতে পারে।
এর মধ্যে শিক্ষিত যুবসমাজের জন্য সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের ঘোষণা, রাজ্যে বিপুল বিনিয়োগ টানতে নতুন শিল্প ও সহজ জমি অধিগ্রহণ নীতি, এবং পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দরের আনুষ্ঠানিক ঘোষণা উল্লেখযোগ্য।
এছাড়াও, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড়সড় সুরাহা ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা হতে পারে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (সাবেক লক্ষ্মীর ভাণ্ডারের পরিমার্জিত রূপ)-এর টাকা ১ জুলাই থেকে সরাসরি যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, যেখানে কোনো দুর্নীতি বা মধ্যসত্বভোগীর স্থান থাকবে না। নতুন সরকারের এই প্রথম বাজেটকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে, যা ‘সোনার বাংলা’ গড়ার গতিপথ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।








