ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৬ : ২১ নভেম্বর ২০২৬-এ খড়্গপুর আইআইটি-তে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “আমার সামনে দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ উপস্থিত,” বলেন তিনি। কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন থেকে সড়কপথে তিনি আইআইটি-তে পৌঁছন। আগে চপারে করে আইআইটির হেলিপ্যাড গ্রাউন্ডে আসার পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল হয়। এরপর সড়কপথেই তাঁর যাত্রার ব্যবস্থা করা হয়।
বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানানোই তাঁর স্বভাব। “আমরা জলদি সন্তুষ্ট হয়ে যাই। লিমিটিং বিলিফস মানে নিজের স্বপ্ন ও প্রতিভাকে সীমাবদ্ধ করে ফেলা। ভারত গত কয়েক বছর ধরে ‘ব্রেক দ্য লিমিট’ নীতিতে বিশ্বাস করছে,” বলেন মোদী। তাঁর কথায়, নিজের সামর্থ্য ও স্বপ্নকে ছোট করে দেখলে এগোনোর পথ আটকে যায়।
মহাকাশ ক্ষেত্রের প্রসঙ্গ তুলে মোদী বলেন, আগে সেখানে ইসরোর প্রবেশ সীমিত ছিল এবং নানা বিধিনিষেধ ছিল। এখন যুবকদের জন্য এই ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, বিকশিত ভারত গড়ার কাজ এখান থেকেই শুরু হওয়া উচিত। সেমিকন্ডাক্টর ক্ষেত্রেও মাত্র চার বছরে একটি ফেসিলিটি শুরু করেছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
মোদী আরও বলেন, প্রায় পাঁচ দশক আগে একটি কোম্পানিকে “লাল ঝান্ডা দেখিয়ে তাড়িয়ে দেওয়া” হয়েছিল এবং তখন অনেকে মনে করেছিলেন, অনেক দেরি হয়ে গিয়েছে। তবে তিনি হাল ছাড়েননি বলে জানান। তাঁর কথায়, এক সময় দারিদ্র্যকেই দেশের প্রধান সমস্যা বলে মনে করা হত, আর অনেকে বিশ্বাস করতেন, দারিদ্র্য দূর করা সম্ভব নয়। সেই ধারণা বদলাতে সাহসী পদক্ষেপের প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।









