ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও পুনঃপরীক্ষার মানসিক চাপ আরও এক মেধাবী পড়ুয়ার প্রাণ কেড়ে নিল। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৯ বছর বয়সী অনুনকীর্তনা গার্গী দাস নামের এক তরুণী নিজেকে শেষ করে দিয়েছেন। ২১ জুন নিটের পুনঃপরীক্ষা হওয়ার কথা ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, অনুনকীর্তনা এর আগেও দু’বার নিট পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং এবারও তিনি জোরকদমে প্রস্তুতি নিচ্ছিলেন। প্রশ্নফাঁসের ঘটনায় তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন। পুনরায় পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিলেও, হতাশা তাঁকে গ্রাস করেছিল। এই ঘটনার জেরে কোয়েম্বাটুরে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা নিট পরীক্ষার বর্তমান ব্যবস্থা বাতিলের দাবি জানাচ্ছেন। ডিএমকে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে।
তাদের অভিযোগ, নিট পরীক্ষার কারণে তামিলনাড়ুর বহু ছাত্রছাত্রী, বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উল্লেখ্য, তামিলনাড়ু দীর্ঘদিন ধরে নিট পরীক্ষার বিরোধিতা করে আসছে। রাজ্য সরকারের মতে, এই পরীক্ষায় মূলত ব্যয়বহুল কোচিংয়ের সুযোগ পাওয়া শিক্ষার্থীরাই সুবিধা পান, যা গ্রামীণ ও সরকারি স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের পিছিয়ে দিচ্ছে। নিট চালুর আগে তামিলনাড়ুতে উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই মেডিক্যাল কলেজে ভর্তি করা হত। পুলিশ ঘটনাটির তদন্ত করছে, যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।







