দেশের ইতিহাসে বৃহত্তম IPO! SEBI-র কাছে DRHP জমা দিল NSE, বিক্রি হবে ১৪.৯ কোটি শেয়ার

দেশের বৃহত্তম IPO-র পথে NSE! SEBI-র কাছে DRHP জমা দিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বিক্রি হবে ১৪.৯ কোটি শেয়ার, আকার হতে পারে ২৯,৭৮০ কোটি টাকা।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ দেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও আনার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) কাছে ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস বা DRHP জমা দিয়েছে এনএসই। এই আইপিও সফল হলে তা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় পাবলিক অফার হতে পারে। ডিআরএইচপি অনুযায়ী, এই আইপিও সম্পূর্ণরূপে অফার ফর সেল (OFS)। অর্থাৎ NSE নতুন কোনও শেয়ার ইস্যু করবে না।

বর্তমান শেয়ারহোল্ডাররা তাঁদের হাতে থাকা মোট ১৪.৯ কোটি (১৪৯ মিলিয়ন) ইক্যুইটি শেয়ার বিক্রি করবেন। এটি NSE-র মোট পরিশোধিত মূলধনের প্রায় ৬ শতাংশ। ফলে এই ইস্যু থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বিক্রেতা শেয়ারহোল্ডারদের কাছেই যাবে। সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। তারা ২.৪৭৫ কোটি শেয়ার বিক্রির প্রস্তাব দিয়েছে। মরগ্যান স্ট্যানলির সহযোগী MS Strategic (Mauritius) Ltd প্রায় ১.৬ কোটি শেয়ার এবং ক্যানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড প্রায় ১.১৮৭ কোটি শেয়ার বিক্রি করবে।

এ ছাড়াও Aranda Investments (Mauritius) Pte Ltd প্রায় ১.১২৪ কোটি শেয়ার বিক্রি করবে। তবে NSE-র সবচেয়ে বড় শেয়ারহোল্ডার LIC এই আইপিওতে কোনও শেয়ার বিক্রি করছে না। সংস্থাটির হাতে বর্তমানে ১০.৭২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। গ্রে মার্কেটের ইঙ্গিত অনুযায়ী NSE-র শেয়ারের দাম ২,০০০ টাকার আশপাশে থাকলে এই আইপিও-র আকার প্রায় ২৯,৭৮০ কোটি টাকা হতে পারে। সে ক্ষেত্রে NSE-র মোট ভ্যালুয়েশন ৫ লক্ষ কোটি টাকারও বেশি হবে।

এই অঙ্ক বাস্তবায়িত হলে NSE IPO দেশের সবচেয়ে বড় পাবলিক ইস্যুর রেকর্ড গড়বে। বর্তমানে Hyundai Motor India-এর ২৭,৮৫৯ কোটি টাকার আইপিও এবং LIC-এর ২০,৫৫৭ কোটি টাকার আইপিও দেশের বৃহত্তম অফারগুলির মধ্যে রয়েছে। NSE সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারে।