ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক মঞ্চে ফের পাকিস্তানকে তীব্র আক্রমণ শানাল ভারত। জেনেভায় রাষ্ট্রপুঞ্জের ৬১তম অধিবেশনে হাই কমিশনারের বার্ষিক রিপোর্টের ওপর আয়োজিত আলোচনা সভায় মানবাধিকার ইস্যুতে ইসলামাবাদকে নিশানা করেন ভারতের প্রতিনিধি অনুপমা সিং। এবার শুধু সন্ত্রাসবাদে মদতের অভিযোগই নয়, পাকিস্তানকে ‘ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলেও কটাক্ষ করল ভারত। রাষ্ট্রপুঞ্জে পার্মানেন্ট মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং সন্ত্রাসবাদীদের ‘আশ্রয়, প্রশিক্ষণ ও মোতায়েন’ করার তথ্য তুলে ধরে ইসলামাবাদের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, যে রাষ্ট্র চরমপন্থী গোষ্ঠীগুলিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এখন তারা সেই নীতির ফল ভোগ করছে। নিজের তৈরি দানব যখন ঘুরে এসে কামড়ায়, তখন অবাক হওয়ার কিছু নেই। জম্মু-কাশ্মীর ইস্যু উত্থাপন করার পরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান অনুপমা। তিনি পাকিস্তানকে একটি ‘ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলে অভিহিত করেন, যার অর্থ হলো এমন একটি রাষ্ট্র, যে নিজেই এমন শক্তিকে তৈরি বা প্রশ্রয় দিয়েছে, যা পরে তার নিজের জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে। বুধবার পাকিস্তানকে জম্মু-কাশ্মীরের সঙ্গে সঙ্গে পাক-অধিকৃত কাশ্মীর (PoK) নিয়েও হুঁশিয়ারি দেন ভারতীয় প্রতিনিধি।
তিনি স্পষ্ট জানান, জম্মু-কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সবসময় থাকবে। একমাত্র অমীমাংসিত বিষয় হলো পাকিস্তানের অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল এবং তা ফেরত দেওয়া। রাওয়ালকোটে শত শত সাধারণ মানুষকে হত্যা এবং পাক-অধিকৃত কাশ্মীর জুড়ে নৃশংস দমন-পীড়নের কথাও তুলে ধরেন তিনি। ভারত অভিযোগ করে যে, পাকিস্তান আন্তর্জাতিক মানবাধিকার ফোরামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চেষ্টা করছে, অথচ নিজের দেশের ভিতরে গুরুতর মানবাধিকার প্রশ্নের যথাযথ জবাব দিতে ব্যর্থ।







