ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চিন, যা ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অরুণাচল প্রদেশ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। সীমান্তবর্তী অঞ্চলে চিনের এই আগ্রাসী পদক্ষেপের পালটা হিসাবে ভারতও অরুণাচল প্রদেশে ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রোজেক্ট’ (SUMP) তৈরির তৎপরতা শুরু করেছে। এই প্রকল্পকে চিনের বাঁধের একটি কৌশলগত জবাব হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবিত এই ভারতীয় বাঁধটি ১১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা বছরে ৪৭ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ দেবে এবং এর আনুমানিক মূল্য ১.৫ লক্ষ কোটি টাকা। এটি কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, অরুণাচল প্রদেশ ও অসমের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে এবং দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়ক হবে। ইয়ারলুং সাংপো নদীটি তিব্বত থেকে উৎপত্তি হয়ে অরুণাচল প্রদেশে সিয়াং নামে পরিচিত এবং এরপর অসমে ব্রহ্মপুত্র নামে প্রবেশ করে বাংলাদেশে প্রবাহিত হয়েছে।
এই নদীর উপর ভারতের লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। চিনের বাঁধ নির্মাণের ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে জলপ্রবাহে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষত, জলের পরিমাণ হ্রাস বা আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ভারত সরকার এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।







