ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ ভারতীয় রেলওয়ে (Indian Railway) এবার যাত্রীদের জন্য একগুচ্ছ কড়া সিদ্ধান্ত ঘোষণা করেছে। বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করলে জরিমানা দ্বিগুণ করা হয়েছে, যা ২৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা হয়েছে। জন বিশ্বাস বিধি (Jan Vishwas Act 2026) অনুযায়ী রেলওয়ে বোর্ড এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় বেশ কিছু পুরনো নিয়মের গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে, যার মূল লক্ষ্য হল যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং রেল চত্বরে শৃঙ্খলা বজায় রাখা।
নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র বিনা টিকিটে ভ্রমণই নয়, মহিলা কামরায় পুরুষ যাত্রীর প্রবেশ, অবৈধ হকারদের দৌরাত্ম্য এবং স্টেশনে বা ট্রেনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রেও মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে। অবৈধ হকারদের ক্ষেত্রে ২ হাজার টাকা জরিমানা করা হবে। থুতু ফেলা, মদ্যপান করা, অযথা ঝামেলা পাকানো বা অশালীন ভাষা ব্যবহারের জন্য প্রথমবার ১ হাজার টাকা এবং দ্বিতীয়বার এই অপরাধ করলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়াও, ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। পুরুষ যাত্রীরা মহিলা কামরায় উঠলে ২,৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী সঙ্গে রাখলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা করা হবে। সাধারণ নিয়ম ভাঙলে বা রেলের নির্দেশ অমান্য করলে প্রথমবার ২ হাজার টাকা এবং একই অপরাধ আবার করলে ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে। রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রীরা যাতে নির্বিঘ্নে ট্রেনে যাতায়াত করতে পারেন এবং কোথাও আইন যেন না ভাঙা হয়, সে কথা মাথায় রেখেই এই পেনাল্টি স্ট্রাকচারে সংশোধন আনা হয়েছে।








