ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬ : কলকাতায় বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, ভাড়া বৃদ্ধির প্রস্তাব ক্যাবিনেটে আলোচনা হবে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এখনই বাসভাড়া বাড়ছে, এমন ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে ভাড়া বাড়লে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যাত্রীদের যাতায়াতের খরচ আরও বাড়তে পারে। বেসরকারি বাস মালিকদের সংগঠন মন্ত্রীর কাছে ভাড়া বাড়ানোর আর্জি জানিয়েছে।
তাদের দাবি, ডিজেলের দাম, যন্ত্রাংশের খরচ এবং বাস চালানোর অন্যান্য ব্যয় অনেকটাই বেড়েছে। সেই তুলনায় ভাড়া বাড়েনি, ফলে বাস পরিবহণের সঙ্গে যুক্ত মালিকেরা লোকসানের মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠছে বলেও দাবি সংগঠনের। অর্জুন সিং বলেছেন, “ভালো পরিষেবা পেতে গেলে বাস ভাড়া বাড়ানো উচিত। বেসরকারি বাসের অবস্থা খুব খারাপ। টোটো বাজার খেয়ে ফেলেছে। বাস মালিকরা প্রস্তাব দিয়েছে ভাড়া বাড়ানোর। ক্যাবিনেটে এই বিষয়ে আলোচনা হবে।”
মন্ত্রীর বক্তব্যে ভাড়া বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ইঙ্গিত মিললেও, কতটা ভাড়া বাড়তে পারে বা কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বাস মালিকদের সংগঠনের বক্তব্য, গত ৪৯ বছর ধরে বেসরকারি যাত্রী পরিবহণ ক্ষেত্র অবহেলার শিকার। তাদের দাবি, ভাড়া ঠিক করার সময় জ্বালানির দাম ও পরিচালন খরচের সঙ্গে আয়ের সামঞ্জস্য রাখা হয়নি। সংগঠনের হিসাব অনুযায়ী, সর্বশেষ বাসভাড়া সংশোধন হয়েছিল ২০১৮ সালে। তখন ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৬৮ টাকা। এখন ক্যাবিনেটের আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।








