ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট-ইউজি পরীক্ষার জন্য আগামী ২১ জুন, রবিবার, কলকাতা মেট্রো রেল যাত্রীদের জন্য বিশেষ পরিষেবার ঘোষণা করেছে। ওই দিন ভোর ৪টে থেকেই ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে মেট্রো চলাচল শুরু হবে। পাশাপাশি, যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যাও। এই বিশেষ ব্যবস্থার ফলে পরীক্ষার্থী, অভিভাবক, যোগ দিবসের অংশগ্রহণকারী এবং সাধারণ যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা। একই দিনে দেশজুড়ে অনুষ্ঠিত হবে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি। এই দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কারণে শহরে অতিরিক্ত যাত্রীচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকায় কলকাতা মেট্রো আগাম প্রস্তুতি নিয়েছে। সবচেয়ে ব্যস্ত ব্লু লাইনে রবিবার সাধারণত ১৫২টি মেট্রো চলাচল করে। কিন্তু ২১ জুন চলবে মোট ২১৪টি ট্রেন। এর মধ্যে ১০৭টি আপ এবং ১০৭টি ডাউন পরিষেবা থাকবে। ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত ১৪ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, মহানায়ক উত্তম কুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে এই বিশেষ পরিষেবা চালানো হবে। গ্রিন লাইনেও বাড়তি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ দিনে যেখানে ১০৮টি মেট্রো চলে, সেখানে রবিবার চলবে ১৭৩টি ট্রেন। ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। ইয়েলো লাইনে স্বাভাবিক ৭৮টি ট্রেনের পরিবর্তে চালানো হবে ১১২টি মেট্রো। ভোর ৪টে ১৮ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ১৮ থেকে ২০ মিনিট অন্তর ট্রেন চলবে। তবে, রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। মূলত ভোরবেলায় যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতেই এই বিশেষ ব্যবস্থা।








