ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ মে মাসের প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবং কেন্দ্রীয় সরকার। সেই হারানো বিশ্বাস পুনরুদ্ধার এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে আজ রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত নিট পুনঃপরীক্ষা। ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই ‘রি-নিট’ পরীক্ষায় বসছেন, যা কেন্দ্রেরও এক অগ্নিপরীক্ষা। দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এই পরীক্ষা।
এবারের পরীক্ষায় কোনো ত্রুটি যাতে না থাকে, তার জন্য নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় ভারতীয় বায়ুসেনার সাহায্য নেওয়া হয়েছে, আকাশপথে উড়িয়ে আনা হয়েছে প্রশ্ন। দেশের ৫ হাজার ৪৪০টি পরীক্ষাকেন্দ্রের ৯৫ হাজারেরও বেশি ঘরে বসানো হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৫৬০টি সিসিটিভি ক্যামেরা এবং ৫১ হাজার ৩১১টি ইলেকট্রনিক জ্যামার। ভুয়ো পরীক্ষার্থী রুখতে দ্বিগুণ করা হয়েছে বায়োমেট্রিক ও ফেস অথেনটিকেশনের ব্যবস্থা। প্রায় ৩৯ হাজার কর্মী পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্বে থাকছেন। প্রতিটি কেন্দ্রে গড়ে ৪০ থেকে ৫০ জন পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে।
শনিবারই এনটিএ একটি মহড়া চালিয়ে পুরো ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখেছে। পরীক্ষার আগের দিন নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ‘আবু ধাবি’র নাম আসায় সাময়িক বিভ্রান্তি ছড়ালেও, এনটিএ দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে নাগপুরেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়। এদিকে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সরকারের কাছে সুষ্ঠু পরীক্ষা আয়োজনের আর্জি জানিয়েছেন। এনটিএ পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দিয়েছে এবং কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে।







