ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ১০০ দিনের কাজের জব কার্ড আটকে রাখার অভিযোগে এক সুপারভাইজারের বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা। রবিবার খোদামবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা ১০০ নম্বর বুথের বাসিন্দারা অভিযুক্ত সুপারভাইজার মঞ্জুরি গিরির বাড়ি ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুরোনো জব কার্ড না থাকায় কাজ পেতে সমস্যা হচ্ছে। উপভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিয়ে সুপারভাইজার দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন।
গ্রামবাসীদের দাবি, এদিন সকালে কার্ড চাইতে গেলে মঞ্জুরি গিরি তাঁদের কার্ড দিতে অস্বীকার করেন এবং বলেন, ‘যাদের ভোট দিয়েছেন, তাঁদের কাছে গেলে তাঁরাই জব কার্ড দেবেন।’ স্থানীয় বাসিন্দা লীলাবতী সিং জানান, কাজের নাম করে সুপারভাইজার তাঁদের কাছ থেকে জব কার্ড নিয়েছিলেন এবং কার্ড চাইতে গেলে তিনি চড়াও হন। গ্রামবাসীরা প্রশাসনের কাছে তাঁদের জব কার্ড ফেরত পাওয়ার আবেদন জানিয়েছেন। যদিও অভিযুক্ত সুপারভাইজার মঞ্জুরি গিরি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
তাঁর বক্তব্য, তিনি কারো জব কার্ড আটকে রাখেননি বা কোনো টাকা আত্মসাৎ করেননি। গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছেন বলে তিনি দাবি করেন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ১০০ দিনের কাজের জব কার্ড নিয়ে এই বিতর্ক নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।








