নিউজ ব্যুরো, ১ জুলাই ২০২৬: ‘আসল তৃণমূল’ কারা, সেই ফয়সালা করতে আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ‘বিদ্রোহী’ বিধায়করা। সূত্রের খবর, এই বৈঠকেই ঋতব্রতরা নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি জানাবেন।
গত ৪ মে ফলপ্রকাশের কয়েক দিন পরেই ঋতব্রতর নেতৃত্বে প্রায় ৬০ জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেন। তাঁরা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দাবি করেন, তাঁরাই আসল তৃণমূল। বিদ্রোহী গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে একটি ন্যাশনাল ওয়ার্কিং কমিটিও তৈরি করে ফেলেছেন। যদিও, তাঁরা এও বলেছেন যে, মমতাকেই তাঁরা নেত্রী হিসেবে মানেন।
নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে প্রতিষ্ঠা করতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দপ্তরে বেশ কিছু নথিপত্র পাঠিয়ে দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠীর বিধায়করা। এর মধ্যে জাতীয় কার্যকরী কমিটির গৃহীত প্রস্তাব, পদাধিকারীদের তালিকা-সহ অন্য কাগজপত্র রয়েছে। রাজনৈতিক মহল সূত্রের খবর, সেই সব নথিপত্র খতিয়ে দেখে ঋতব্রতদের সঙ্গে আলোচনা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ অন্য সদস্যরা। এর পরে এই সপ্তাহেই অথবা আগামী কয়েক দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকেও এই নিয়ে তাঁদের অবস্থান জানানোর কথা বলতে পারে কমিশন।
তবে ঋতব্রতরা যখন কমিশনে যাচ্ছেন, তখন হাত গুটিয়ে বসে নেই মমতা-অভিষেক শিবিরও। তাঁরাও একটি জাতীয় কার্যনির্বাহী কমিটি তৈরি করে নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। সেখানে চেয়ারপার্সন হিসেবে সই করেছেন খোদ মমতা। এখন একই দলের সমান্তরাল ‘জোড়া কমিটি’-র মধ্যে নির্বাচন কমিশন ‘আসল তৃণমূল’ হিসেবে কাকে বেছে নেন, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। ফলে স্বাভাবিক ভাবে সব নজর এখন আজকের বৈঠকের দিকে।








