শিয়ালদহ-বারাসত রুটে নতুন এসি লোকাল ট্রেন: জানুন সময়সূচি ও স্টপেজ, মেইন লাইনেও বাড়ছে পরিষেবা

শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা। জানুন সময়সূচি, স্টপেজ ও অন্যান্য মেইন লাইন, হাসনাবাদ, কৃষ্ণনগর রুটের নতুন ট্রেনের বিস্তারিত তথ্য।

Share:

ব্যুরো নিউজ, ১লা জুন ২০২৬ঃ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-বারাসত রুটে নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে। শিয়ালদহের ডিআরএম এই ঘোষণা করেছেন, যা অফিসযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতকে আরও আরামদায়ক করবে। আগামী ৬ জুলাই, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে সপ্তাহে পাঁচ দিন (সোমবার থেকে শুক্রবার) এই নতুন পরিষেবা শুরু হবে। রেল সূত্রে খবর, বর্তমানে শিয়ালদহ ডিভিশনে দুটি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল আপ-ডাউন করে।

এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে শিয়ালদহ-বারাসত রুট। শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছেড়ে ট্রেনটি বেলা ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছবে। ফিরতি পথে, বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ১৩ মিনিটে শিয়ালদহ স্টেশনে ফিরবে। যাতায়াতের পথে এই এসি লোকালটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে থামবে। শুধু এসি ট্রেনই নয়, এর পাশাপাশি শিয়ালদহ মেন লাইন, বারাসত এবং হাসনাবাদ শাখাতেও একাধিক নতুন ট্রেন ও কয়েকটি ট্রেনের রুট সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব শাখা মিলিয়ে মোট ১১টি নতুন ট্রেন এবং ৫টি ট্রেনের পথ বাড়ানো হচ্ছে, ট্র্যাকে নামছে দুটি স্পেশাল ট্রেনও। কৃষ্ণনগর লাইনে রাতের স্পেশাল ট্রেন এবং আমঘাটা পর্যন্ত রুট সম্প্রসারণের ফলে গ্রামীণ এলাকার যাত্রীরাও উপকৃত হবেন। এছাড়াও ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর লাইনেও নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপগুলি যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।