“অর্থলোভের প্রশ্নই ওঠে না”, স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বললেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ

পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ স্বামীর বিরুদ্ধে মন্দিরের প্রণামী নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন। অর্থলোভের অভিযোগ অস্বীকার করে তিনি জানালেন, তাঁর উদ্দেশ্য ছিল মন্দিরের উন্নয়নে স্বচ্ছতা আনা।

Share:

ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ ঐতিহ্যবাহী শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের প্রণামী বাক্স থেকে সংগৃহীত অর্থ বাড়িতে পাঠানোর দাবি ঘিরে নতুন বিতর্কের মুখে পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের পরিবার। তাঁর স্বামী শেখররঞ্জন দেবনাথের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন বিধায়ক রত্না দেবনাথ। আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসক তরুণীর মা রত্না দেবনাথ জানান, তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা ‘অর্থলোভ’-এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি দৃঢ়ভাবে বলেন, “অর্থের প্রতি লোভ থাকলে আমি কখনই বিজেপির পতাকা হাতে তুলে নিতাম না।” বিধায়কের দাবি, এলাকার বিভিন্ন মন্দিরকে একত্রিত করে একটি ট্রাস্ট গঠনের উদ্দেশ্য ছিল তাঁর, যাতে প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসে এবং মন্দিরগুলির সঠিক উন্নয়ন নিশ্চিত হয়। এই উদ্যোগের সঙ্গে ব্যক্তিগত অর্থলোভের কোনও সম্পর্ক নেই। রত্না দেবনাথ আরও বলেন, মেয়ের বিচার চাইতে গিয়েই তাঁকে রাজনীতির কদর্য দিক দেখতে হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বারবার অপপ্রচার ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে।

তাঁদের আর কোনও সন্তান নেই, তাই অর্থলোভের প্রশ্নই ওঠে না। যে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত, মন্দির কর্তৃপক্ষের দাবি, এটি একটি ভুল বোঝাবুঝি ছিল এবং বিষয়টি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে। তবে, সামাজিক মাধ্যমে অভিযোগটি ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে বিতর্ক এখনও অব্যাহত।