ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ আসানসোল শহরের যানজট নিয়ন্ত্রণে আকস্মিক পরিদর্শনে নামলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার দুপুরে আসানসোলের ব্যস্ত রাস্তাগুলিতে যত্রতত্র বাস ও অটো দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে তৈরি হওয়া তীব্র যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। চালকদের নির্ধারিত স্ট্যান্ড ব্যবহারের কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশকেও আইন রূপায়ণে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন তিনি। এদিন আসানসোলের একটি ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে মন্ত্রী বেআইনিভাবে গাড়ি পার্কিং এবং যাত্রী তোলার বিরুদ্ধে সরব হন।
চালকদের উদ্দেশে তিনি সাফ জানান, রাস্তার মাঝখানে বা যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। নির্ধারিত বাস কিংবা অটো স্ট্যান্ড থেকেই যাত্রী তুলতে হবে এবং সেখান থেকেই গাড়ি ছাড়তে হবে। নিয়ম ভাঙলে আগামীদিনে কঠোর আইনি পদক্ষেপ, এমনকি গাড়ির চাকা লক করে দেওয়ার মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। মন্ত্রীর মুখে শোনা যায়, “চাকাতে কাঁটা লাগিয়ে দেব!”-এর মতো কড়া হুঁশিয়ারি। একইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও ট্রাফিক আধিকারিকদেরও নিজেদের কর্তব্যে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ভূমিকা নিতে হবে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিদিন এভাবে রাস্তায় নেমে চিৎকার করা সম্ভব নয়।”
শহরকে যানজটমুক্ত রাখতে বাজারে একটি সুনির্দিষ্ট অটো স্ট্যান্ড গড়ে তোলার জন্য তিনি প্রশাসনিক স্তরে পরামর্শ দেন, যাতে চালক ও যাত্রী, দুই পক্ষেরই সুবিধা হয়। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর আসানসোলের ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ আরও সক্রিয় হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও এই বিষয়ে সচেতনতার বার্তা দিয়েছেন, একটি উন্নত ও গতিশীল শহর গড়ে তুলতে শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে।








