পুলিশি এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু, ক্ষতিপূরণ চেয়ে সরব মা

গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর ধর্ষণ-খুন মামলার অভিযুক্ত প্রহ্লাদ দাসের এনকাউন্টারে মৃত্যু। ক্ষতিপূরণ চেয়ে সরব মা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।

Share:

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর পর এবার ক্ষতিপূরণ চেয়ে সরব হল নিহতের পরিবার। অভিযুক্তের মা রেখা দাসের অভিযোগ, তাঁর ছেলে সত্যিই অপরাধী হলে আইন অনুযায়ী শাস্তি হতে পারত, কিন্তু এভাবে মেরে ফেলা উচিত হয়নি। তিনি প্রশ্ন তোলেন, প্রহ্লাদকে যখন হাত-পা বাঁধা অবস্থায় পুলিশি হেফাজতে আনা হয়েছিল, তখন সে কীভাবে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে হামলা চালাবে?

পরিবারের দাবি, প্রহ্লাদ পুলিশ হতে চেয়েছিল এবং নিয়মিত গীতা পাঠ করত। তার মা জানান, ছেলে পুলিশ অফিসারদের দেখে অনুপ্রাণিত হত এবং মন শান্ত রাখতে ধর্মগ্রন্থ পাঠ করত। এমন শান্ত ছেলে কীভাবে পুলিশের উপর গুলি চালাতে পারে, তা তাঁর কাছে অবিশ্বাস্য।

তিনি আরও বলেন, প্রহ্লাদ ভালো এনসিসি করত এবং বাড়ি তৈরির পর বিয়ে করার স্বপ্ন দেখত। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের মতে, এনকাউন্টারের নামে প্রহ্লাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।