ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ হাজার হাজার অনুরাগীর সামনে জীবনের অন্যতম বড় সুখবর শোনালেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস। দিল্লিতে তাঁর ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হঠাৎই বাগদানের ঘোষণা করে সকলকে চমকে দেন তিনি। শুধু ঘোষণা করেই থেমে থাকেননি, মঞ্চেই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁর হবু স্বামী শেখর চৌধুরীর। এই অপ্রত্যাশিত ঘোষণায় করতালিতে ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম।
কনসার্ট চলাকালীন একসময় জ্যাসমিন দর্শকদের উদ্দেশে হাসিমুখে বলেন, “দেখুন, এই মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। এ-ই আমার মানুষ।” এরপর তিনি শেখরকে মঞ্চে ডেকে নেন। বাগদানের আংটি দেখিয়ে নিজের সুখবর ভাগ করে নেন গায়িকা। এরপর মঞ্চেই একে অপরকে আলিঙ্গন করেন জ্যাসমিন ও শেখর। নিজেদের জনপ্রিয় গান ‘Laavan’-এর তালে দু’জনকে একসঙ্গে নাচতেও দেখা যায়। দর্শকরা মোবাইল ফোনে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এবং অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জ্যাসমিন এতদিন নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি। শেখর চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথাও ছিল আড়ালে। ফলে মঞ্চ থেকেই বাগদানের ঘোষণায় অনেকেই চমকে যান।
ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনুরাগীদের পাশাপাশি সঙ্গীত জগতের অনেকেই নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কেরিয়ারের দিক থেকেও এই মুহূর্তে দুর্দান্ত সময় কাটাচ্ছেন জ্যাসমিন। সাম্প্রতিক সময়ে তাঁর গাওয়া একাধিক হিন্দি ও পাঞ্জাবি গান জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘ধুরন্ধর’ ছবির গান গেয়ে বিপুল পরিচিতি পেয়েছেন। এই আবহে শুরু হয়েছে তাঁর কনসার্ট সিরিজ ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। দিল্লির উদ্বোধনী অনুষ্ঠানেই ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করে সেই সন্ধ্যাকে আরও স্মরণীয় করে রাখলেন গায়িকা।








