ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬ : আর্থিক দুর্নীতির অভিযোগে এক দশক আগে ভারত ছেড়েছিলেন বিতর্কিত আইপিএল প্রতিষ্ঠাতা ললিত মোদি। এবার তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা গত শনিবার (১৪ নভেম্বর) অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে নিজেই প্রকাশ্যে এনেছেন। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর তিনি এই নাগরিকত্ব লাভ করেন বলে জানান। এই মুহূর্তকে তিনি অত্যন্ত গর্বের এবং ব্যক্তিগত বলে অভিহিত করেছেন।
ললিত মোদি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস করার কারণে তিনি সেই দেশের মানুষ, প্রতিষ্ঠান, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা তৈরি করেছেন। তাঁর কাছে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া কেবল একটি বিশেষ অধিকার নয়, বরং একটি দায়িত্বও। এই দায়িত্ব তিনি গর্ব, কৃতজ্ঞতা এবং নিজের বলে মনে করার অনুভূতি নিয়েই গ্রহণ করেছেন। ২০১০ সালে ললিত মোদি ভারত ছেড়ে লন্ডনে চলে যান। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে এবং বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করে। কোটি কোটি টাকার জরিমানাও করা হয় তাঁকে।
যদিও মোদি বরাবরই দাবি করে এসেছেন যে তিনি আইন আদালতের হাত থেকে বাঁচতে পালাননি, বরং কিছু রাজনৈতিক চাপের সম্মুখীন হয়েই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অক্সফোর্ড ইউনিয়নের মঞ্চে এই ঘোষণা করতে পারা তাঁর কাছে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে জানিয়েছেন ললিত। তিনি যে দেশকে এখন নিজের বাড়ি বলে মনে করেন, সেই দেশের জন্য ইতিবাচক অবদান রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন। ব্রিটিশ রাজতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের পোস্টের শেষে তিনি লেখেন, ‘God Save The King!’









