ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ ভারতের প্রতিবেশী দেশ নেপালে ফের বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। নতুন সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের পদত্যাগের দাবিতে পথে নেমেছে সে দেশের যুবসমাজ। গত তিন দিনে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রল ঢেলে আত্মাহুতির চেষ্টা করেছেন তিন যুবক। তাঁদের মধ্যে দু’জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এবং তৃতীয় জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এক বছর আগে ‘জেন-জি’ আন্দোলনের প্রধান মুখ হিসেবে ক্ষমতায় এসেছিলেন বলেন্দ্র শাহ।
দেশের যুবকদের মনে তিনি যে আশা জাগিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকারী ‘জেন-জি নেপাল’ সংগঠনের দাবি, প্রধানমন্ত্রী শাহ জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। দেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির জন্য বাজেট ও নীতিমালায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থতার প্রতিবাদেই নতুন করে বিদ্রোহ শুরু হয়েছে। দেশের বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতা এই যুব বিদ্রোহের মূল কারণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতি নেপালের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








