ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকা থেকে নিখোঁজ হলেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অরিন্দম সেন নামের ওই যুবক শনিবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নিজের ফ্ল্যাট থেকে একটি লাল ব্যাগ ও চায়ের ফ্লাস্ক নিয়ে বেরিয়েছিলেন অরিন্দম। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার প্রথমে বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে। পরে বাগুইআটি থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শেষবার অরিন্দম সেনকে কেষ্টপুরের বাগজোলা খালের ধারে দেখা গিয়েছিল। এরপরই তিনি খালে ঝাঁপ দিয়েছেন কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। শনিবার রাত থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা বোট নামিয়ে বাগজোলা খালে তল্লাশি অভিযান শুরু করেন। রবিবার দিনভরও এই তল্লাশি চলে। দীর্ঘ ২০ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত অরিন্দম সেনের কোনও সন্ধান মেলেনি। উদ্ধারকারী দল খালের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, কয়েক মাস আগে অরিন্দম তাঁর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি হারান। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এই কারণেই পরিবারের সদস্যরা একটি মর্মান্তিক ঘটনার আশঙ্কা করছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।








