ব্যুরো নিউজ, ৩০ জুলাই ২০২৬ : বীরভূমের মহম্মদবাজারের ডেউচা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার সঙ্গে গ্রেপ্তার হলেন মিনার মণ্ডল। পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৮.৫ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া নগদ ও সোনা মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।
এই ঘটনায় বীরভূমের পাথর ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মিনারের বাড়ি সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। বিশাল বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। বুধবার গভীর রাতে পুলিশ মিনারের বাড়িতে অভিযান চালায় এবং তাঁকে গ্রেপ্তার করে মহম্মদবাজার থানায় নিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে আলমারি ও অন্যান্য জায়গা থেকে বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়। টাকা গোনার জন্য পাঁচটি যন্ত্র ও পাঁচটি বড় ট্রাঙ্ক আনা হয়। লোডশেডিংয়ের আশঙ্কায় জেনারেটরও নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে।
মিনারের স্ত্রীর দাবি, এক বছর আগে টুলু মণ্ডল এই টাকা রেখে গিয়েছিলেন এবং তাঁরা এর কিছুই জানতেন না। অন্যদিকে, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এই ঘটনায় তৃণমূলের যোগসাজশের অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সোশ্যাল মিডিয়ায় এই অভিযানের প্রশংসা করে দুর্নীতির বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। উদ্ধার হওয়া টাকা ও সোনা কড়া নিরাপত্তায় সিউড়িতে বীরভূমের পুলিশ সুপারের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।








