ব্যুরো নিউজ, ৩০ জুলাই ২০২৬ : নবান্নের পর এবার বিকাশ ভবনের ফলকেও গেরুয়া রঙের ছোঁয়া লাগতে চলেছে। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের ক্ষমতা দখলের পর থেকেই প্রশাসনিক মহলে বইছে গেরুয়া ঝড়। ইতিমধ্যেই নবান্নের নীল রঙের ফলক বদলে গেরুয়া করা হয়েছে। এবার পালা বিকাশ ভবনের। এখানকার নামফলকের রং পরিবর্তনের তোড়জোড় শুরু হয়েছে।
যদিও আপাতত ভবনটির নীল-সাদা রং অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে, তবে প্রথম ধাপে শুধুমাত্র ফলকের রং বদলানো হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, আগামী দিনে ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি ভবনই গেরুয়াময় হতে পারে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অপশাসনের অবসান ঘটিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক সরকারি প্রকল্পে নতুন নাম দেওয়া হয়েছে। হকার উচ্ছেদ থেকে শুরু করে রাস্তাঘাটের রংও বদলে ফেলা হয়েছে। সবকিছুতেই এখন গেরুয়া রঙের প্রাধান্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে ‘কন্যারত্ন’ এবং সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তন করে ‘সারথি’ রেখেছেন।
তিনি আগেই জানিয়েছিলেন, আগের সরকারের কোনো প্রকল্প বন্ধ হবে না, তবে নতুন সরকার নতুন ধাঁচেই প্রকল্পগুলি চালিয়ে যাবে। এমনকি সরকারি স্কুলের পড়ুয়াদের খাতা এবং ইউনিফর্মের রঙেও গেরুয়া ছোঁয়া আনার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের অন্যান্য সরকারি দফতরগুলির রংও ধীরে ধীরে গেরুয়া করা হবে বলে ইঙ্গিত মিলেছে। এই পরিবর্তনের ঢেউয়ে প্রশাসনিক ভবনগুলিও নতুন রূপে সেজে উঠছে।








