ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ দক্ষিণবঙ্গে ফের বাড়ছে বর্ষণের পরিমাণ। আবহাওয়া দফতর সূত্রে খবর, সক্রিয় ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় আগামী কয়েকদিনের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী সময়ে, ৬ এবং ৭ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, ৮ আগস্ট বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে মঙ্গলবার। কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে এই একই রকম আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।








