ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন জেল থেকে মুক্তি পেলেও তৃণমূল কংগ্রেসে তাঁর ফেরা হয়নি। এই পরিস্থিতিতে তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জঙ্গি হামলার একটি ছক বানচাল করে দিয়েছে রাজ্যের নিরাপত্তা সংস্থা। এই ঘটনা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন।
তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছিল। পাকিস্তানি হ্যান্ডেলাররা হামিমকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, কর্মসূচি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্যের নির্দেশ দিচ্ছিল। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।” পার্থ চট্টোপাধ্যায় আরও যোগ করেন, “পূর্ব বর্ধমান থেকে হামিম মন্ডলের গ্রেফতারিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যে তথ্য প্রকাশ করেছে, তা শুধুমাত্র একটি সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার তদন্ত হতে পারে না। সীমান্তজুড়ে জঙ্গি নেটওয়ার্ক, ডিজিটাল র্যাডিক্যালাইজেশন এবং রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি করছে।”
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর পার্থ চট্টোপাধ্যায় আরও কোণঠাসা হয়ে পড়েছেন। এমতাবস্থায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি তাঁর এই দরদ উতলানো মন্তব্য নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, দিদির মায়া ত্যাগ করে এবার হয়তো পদ্ম শিবিরেই নাম লেখাতে চলেছেন প্রাক্তন এই হেভিওয়েট নেতা। যদিও এ বিষয়ে কোনো নিশ্চিত খবর নেই, তবে সময়ই এর উত্তর দেবে।








