ব্যুরো নিউজ, ৫ আগস্ট ২০২৬ঃ পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটল। বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহার ও দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে। এই প্রথমবার কোনও মার্শালকে এমন শাস্তির মুখে পড়তে হলো।
বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ১৮তম বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের পরিচিতি শিবির চলাকালীন এই ঘটনা ঘটে। লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে আয়োজিত সেই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তাঁর দায়িত্ব পালনে চরম গাফিলতি ও অসৌজন্য দেখিয়েছেন বলে অভিযোগ ওঠে। একাধিক বিধায়ক তাঁর বিরুদ্ধে শাসক দলের মুখ্য সচেতকের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিবালয় একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি কর্মচারীদের পদমর্যাদা বিন্যাস, শৃঙ্খলা রক্ষা এবং শাস্তিমূলক ব্যবস্থার আইনি বিধির ১০ নম্বর ধারা অনুযায়ী মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই বিধির ৭(১)(এ) ধারা অনুযায়ী তাঁকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশন চলাকালীন তিনি বিধানসভার সার্ভিস রুল অনুযায়ী জীবনধারণের জন্য ন্যূনতম ভাতা পাবেন। এই নজিরবিহীন পদক্ষেপকে কেন্দ্র করে বিধানসভার অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট আসার পরেই তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। বিধানসভার নিরাপত্তা সংক্রান্ত বিষয় মার্শালের উপরেই ন্যাস্ত থাকে, তাই এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।








