ব্যুরো নিউজ, ১২ আগস্ট ২০২৬: দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI) পানমশলার প্যাকেজিং সংক্রান্ত এক যুগান্তকারী নির্দেশিকা জারি করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পানমশলার মোড়কে প্লাস্টিক, ল্যামিনেট এবং যেকোনো ধরনের কৃত্রিম উপাদানের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
গত ৭ অগস্ট এফএসএসএআই-এর মূল প্যাকেজিং নীতিমালায় সংশোধন এনে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংশোধিত বিধি অনুসারে, পানমশলা প্রস্তুতকারী সংস্থাগুলিকে এখন থেকে কেবল টিন, কাচ অথবা সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত প্রাকৃতিক উপাদানের তৈরি পাত্র বা প্যাকেটে তাদের পণ্য বিক্রি করতে হবে। পলিথিলিন, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার, পলিভিনাইল ক্লোরাইড (PVC) সহ অন্যান্য সিন্থেটিক পলিমার, কো-পলিমার এবং ল্যামিনেটের স্তর আর ব্যবহার করা যাবে না। এমনকি অ্যালুমিনিয়াম ফয়েল এবং ধাতব প্রলেপযুক্ত যেকোনো অভ্যন্তরীণ স্তরও নিষিদ্ধ করা হয়েছে।
এফএসএসএআই জানিয়েছে, প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাঁচামাল যেমন ধাতব টিন ক্যান, কাচের ছোট পাত্র, সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ বা প্রাকৃতিক উৎস থেকে তৈরি প্যাকেজিং ব্যবহার করা যাবে। বর্তমানে অধিকাংশ পানমশলাই বহুস্তরীয় প্লাস্টিকের পাউচে বিক্রি হয়। এই নির্দেশের ফলে প্রস্তুতকারক সংস্থাগুলিকে রাতারাতি তাদের প্যাকেজিং পরিকাঠামো বদলাতে হবে। শিল্প বিশেষজ্ঞদের মতে, কাচ বা টিনের পাত্রে রূপান্তরের ফলে উৎপাদন, পরিবহন এবং সামগ্রিক প্যাকেজিংয়ের খরচ অনেকটাই বাড়বে, যা ভবিষ্যতে পানমশলার বিক্রয়মূল্যে প্রভাব ফেলবে।






