শ্রদ্ধার ‘ইথা’-র মুক্তি স্থগিত, যশ অভিনীত ‘টক্সিক’-এর সঙ্গে বক্স অফিস সংঘাত এড়াতেই সিদ্ধান্ত?

শ্রদ্ধা কাপুরের বহু প্রতীক্ষিত ছবি ‘ইথা’-র মুক্তি পিছিয়ে গেল ৪ ডিসেম্বর। যশ অভিনীত ‘টক্সিক’-এর সঙ্গে বক্স অফিস সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত।

Share:

ব্যুরো নিউজ, ১২ আগস্ট ২০২৬: শ্রদ্ধা কাপুরের বহু প্রতীক্ষিত ছবি ‘ইথা’-র মুক্তি স্থগিত করা হয়েছে। ২৮ অগস্টের পরিবর্তে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ম্যাডক ফিল্মসের এই ছবি। নির্মাতাদের এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে বক্স অফিসে কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘টক্সিক’-এর সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়ানোকেই মনে করা হচ্ছে। একই দিনে দুটি বড় ছবির মুক্তি সাধারণত বক্স অফিস আয়ে প্রভাব ফেলে, তাই এই কৌশলগত পরিবর্তন।

প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস সমাজমাধ্যমে নতুন মুক্তির তারিখ ঘোষণা করে জানিয়েছে, “ঝড়ের জন্য প্রস্তুত থাকুন, ‘ইথা’ আসছে আগামী ৪ ডিসেম্বর।” এই ছবির টিজার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। টিজারের একটি বিশেষ দৃশ্যে দেখা যায়, নয় মাসের অন্তঃসত্ত্বা ইথা প্রসববেদনা সত্ত্বেও মঞ্চে উঠে নাচ পরিবেশন করছেন। সমস্ত মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দিয়ে সদ্য মা হওয়া ইধা সেই অবস্থাতেই মঞ্চে উঠে সকলের সামনে নাচ পরিবেশন করে তাক লাগিয়ে দেন। এই দৃশ্য ছবিটির মূল বার্তা এবং শ্রদ্ধার শক্তিশালী অভিনয়কে তুলে ধরেছে, যা দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ‘ইথা’ ছবিটি মূলত মহারাষ্ট্রের বিখ্যাত লাবণী ও তামাশা ঐতিহ্যের কিংবদন্তী শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের ঘটনাবহুল জীবন অবলম্বনে নির্মিত। অত্যন্ত সাধারণ জীবন থেকে লড়াই শুরু করে তিনি তৎকালীন মহারাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ লোকনাট্য শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। ভারতীয় লোকশিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৫৭ এবং ১৯৯০ সালে ভারতের রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ করেন। দেশের বহু প্রজন্মের শিল্পীদের কাছে বিঠাবাই এক অনুপ্রেরণা। এই বায়োপিকটি ভারতীয় লোকশিল্পের এক কিংবদন্তীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। বক্স অফিস সংঘাত এড়িয়ে ‘ইথা’ কতটা সফল হয়, সেটাই এখন দেখার। শ্রদ্ধার অনুরাগীরা এখন অধীর আগ্রহে ৪ ডিসেম্বরের অপেক্ষায়।