ব্যুরো নিউজ, ১২ আগস্ট ২০২৬: টাটা গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বে এক বড়সড় পালাবদলের খবর সামনে এসেছে। টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এন চন্দ্রশেখরন। আগামী ২০ ফেব্রুয়ারি তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর পুনর্নিয়োগ চাইবেন না বলে জানিয়েছেন। দ্রুত উত্তরসূরি নির্বাচনের জন্য তিনি টাটা সন্সের পরিচালন পর্ষদকে অনুরোধ করেছেন।
বুধবার নিজের সিদ্ধান্ত জানিয়ে চন্দ্রশেখরন বলেন, টাটা গোষ্ঠীতে তাঁর পেশাগত জীবনের ৪০ বছর পূর্ণ হয়েছে। গত এক দশক টাটা সন্সের নেতৃত্ব দেওয়া তাঁর কাছে বিরাট সম্মান ও গভীর দায়িত্বের বিষয় ছিল। তবে তাঁর পরবর্তী মেয়াদ নিয়ে গত ছ’মাস ধরে গোষ্ঠীর অন্দরে ঐকমত্য তৈরি হয়নি বলে জানা গেছে। টাটা ট্রাস্টস তাঁকে আরও পাঁচ বছরের জন্য দায়িত্বে রাখার প্রস্তাব দিলেও, পরিচালন পর্ষদের এক সদস্যের আপত্তিতে সিদ্ধান্ত স্থগিত থাকে।
প্রকাশ্য বিবৃতিতে চন্দ্রশেখরন নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তাকেই সিদ্ধান্তের কারণ হিসাবে তুলে ধরলেও, বিভিন্ন সূত্রের দাবি এর নেপথ্যে টাটা সন্স এবং টাটা ট্রাস্টসের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটার সঙ্গে চন্দ্রশেখরনের মতপার্থক্যের জেরেই এই সিদ্ধান্ত। টাটা সন্সকে শেয়ার বাজারে নথিভুক্ত করা, লোকসানে চলা এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ এবং পরিচালন পর্ষদে প্রতিনিধিত্বের মতো একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ ছিল। চন্দ্রশেখরনের ঘোষণার পর শেয়ার বাজারেও এর প্রভাব পড়েছে, টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের দাম কমেছে।








