ব্যুরো নিউজ, ১৩ আগস্ট ২০২৬: হাবড়ায় এসটিএফের জালে ধরা পড়ল এক পাক চর। ধৃতের কাছ থেকে কলকাতার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের ছবি এবং একটি ম্যাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। মঙ্গলবার রাতে যশোর রোড ধরে বেনাপোল সীমান্তের দিকে পালানোর সময় রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলমকে গ্রেপ্তার করে এসটিএফ। তার সঙ্গে মহম্মদ ইজাজ নামে আরও এক সহযোগীকেও পাকড়াও করা হয়েছে।
এসটিএফ সূত্রে খবর, ধৃত রানা রউফ খালিদ গত ১৪ বছর ধরে ভারতে বসবাস করছিল এবং ভুয়ো ভোটার ও আধার কার্ড তৈরি করে পরিচয় গোপন রেখেছিল। দফায় দফায় জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। ফোর্ট উইলিয়ামের ম্যাপ ও ছবি উদ্ধারের পর সেনা গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এসটিএফ।
ধৃতদের কাছ থেকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের একাধিক মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ চ্যাট, দু’টি সিম কার্ড ও ফোন নম্বর লেখা নোটবুক উদ্ধার হয়েছে। কিছু চ্যাট ও নম্বর মুছে ফেলার প্রমাণও মিলেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ধৃতদের মূল উদ্দেশ্য কী ছিল এবং কীভাবে তারা ফোর্ট উইলিয়ামের মতো সংবেদনশীল এলাকার তথ্য সংগ্রহ করল। আগামী ১৫ আগস্টের আগে ভারতীয় সেনার গতিবিধি, সামরিক পরিকাঠামো ও রেলের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের পরিকল্পনা ছিল কিনা, তাও এখন এসটিএফের তদন্তের রাডারে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে ধৃতদের জেরা চলছে।







