মালদা মেডিক্যালে দু’মাসে ১৬৬ শিশুর মৃত্যুর কারণ অপুষ্টি, জানাল তদন্ত কমিটি

মালদা মেডিক্যালে দু'মাসে ১৬৬ শিশুর মৃত্যু! তদন্ত কমিটির রিপোর্টে উঠে এল অপুষ্টি, শ্বাসকষ্ট ও হৃদরোগের মতো চাঞ্চল্যকর কারণ। খতিয়ে দেখা হচ্ছে পরিকাঠামোগত ত্রুটি।

Share:

ব্যুরো নিউজ, ২৯ আগস্ট ২০২৬: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত দু’মাসে ১৬৬ শিশুর মর্মান্তিক মৃত্যুর কারণ অবশেষে খুঁজে পেল স্বাস্থ্য ভবন গঠিত বিশেষজ্ঞ কমিটি। তদন্ত কমিটির অনুসন্ধানে জানা গেছে, এই বিপুল সংখ্যক শিশুমৃত্যুর মূল কারণ অপুষ্টি। এছাড়াও জন্মের পর শ্বাসকষ্ট, হৃদরোগ, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সম্প্রতি অগস্ট মাসেই ৮৯টি এবং জুলাই মাসে ৭৭টি শিশুমৃত্যুর পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়।

স্বাস্থ্য ভবন দ্রুত একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটির চেয়ারম্যান চিকিৎসক ও অ্যাডিশনাল ডিরেক্টর হেলথ সার্ভিসেস প্রলয় আচার্য। এছাড়াও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক রাজশেখর সরকার, ভোলানাথ আইচ এবং এসএসকেএম-এর চিকিৎসক অধ্যাপক বিজন সাহা এই কমিটির সদস্য। গত শনিবার কমিটির সদস্যরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তাঁরা হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখেন এবং রোগী পরিষেবা ও পরিকাঠামোগত দিকগুলি খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তাঁরা। কমিটির চেয়ারম্যান প্রলয় আচার্য জানান, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতাল পরিদর্শনে গিয়ে একাধিক পরিকাঠামোগত ত্রুটি তাঁদের নজরে এসেছে। শিশুমৃত্যুর পিছনে অপুষ্টি একটি বড় কারণ।

পাশাপাশি, জেলা স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবও দেখা গেছে। বিষয়গুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। শিশুদের চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন কমিটির সদস্যরা।