ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৬: কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটে গাড়ি ধাক্কার ঘটনায় বরখাস্ত হওয়া পুলিশকর্মী ধীরেন্দ্রনাথ মাহাতো। আদালতের নির্দেশে তাঁর চাকরি ফিরে পাওয়ার পথ সুগম হল। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই পুলিশকর্মীর বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করা হল। আদালত পুলিশ প্রশাসনকে চার সপ্তাহের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে, যেখানে তাঁকে লঘু শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে।
২০২৩ সালের ৪ ডিসেম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মোবাইল টয়লেট ভ্যানের ডিউটিতে ছিলেন ধীরেন্দ্রনাথ মাহাতো। গাড়িটি থেকে দুর্গন্ধ বেরোনোয় স্থানীয়দের আপত্তিতে তিনি নিজেই সেটি সরানোর চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত, ভুল গিয়ার পড়ে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গার্ডরেলে ধাক্কা মারে এবং সেই গার্ডরেল সাংসদের বাড়ির মূল ফটকে আঘাত করে। এই ঘটনার পর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। হাইকোর্ট পর্যবেক্ষণ করে জানিয়েছে যে, পুলিশকর্মী একটি ভুল নিশ্চয়ই করেছেন, তবে সেই ভুল চাকরি থেকে বরখাস্ত করার মতো অতটাও গুরুতর ছিল না। তাছাড়া এই ঘটনায় কেউ হতাহত হননি। তাই লঘু শাস্তি দিয়েই বিষয়টি বিবেচনা করা উচিত ছিল। ২০০০ সালে কলকাতা পুলিশের গাড়ির চালক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ধীরেন্দ্রনাথ। ২০০৫ সালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করা হতো। এই রায়ে ধীরেন্দ্রনাথ মাহাতো এবং তাঁর পরিবারে স্বস্তি ফিরেছে।








